স্পোর্টস ডেস্ক ঢাকা: বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সোনালী এক অধ্যায় রচনা করলেন তরুণ ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে আগুনঝরা বোলিংয়ে লাল বলের ক্রিকেটে দেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে হ্যাটট্রিক করার অবিস্মরণীয় কীর্তি গড়েছেন তিনি। একই সঙ্গে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ পাঁচ উইকেট (ফাইফার)।
ম্যাচের ৮৩তম ওভারে দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই আফগান ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালান হাসান। ওভারের তৃতীয় বলে নিখুঁত সুইংয়ে স্টাম্প ভেঙে দেন ইসমত আলমের। পরের বলেই নতুন ব্যাটার কাইস আহমেদের ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বল ডাইভ দিয়ে গ্লাভসবন্দি করেন উইকেটরক্ষক লিটন দাস। এরপরের ডেলিভারিতে নিখুঁত এলবিডব্লিউর সফল রিভিউ নিয়ে মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। বোল্ড, ক্যাচ ও এলবিডব্লিউ—ক্রিকেটীয় পরিভাষায় একদম ‘পারফেক্ট হ্যাটট্রিক’ সম্পন্ন করেন এই গতি তারকা।
এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় এবং পেসারদের মধ্যে ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা তিন বলে উইকেট শিকারের বিরল রেকর্ডের মালিক হলেন হাসান। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে লেগ স্পিনার অলক কাপালি এবং ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অফ স্পিনার সোহাগ গাজী টেস্টে হ্যাটট্রিক করেছিলেন। হ্যাটট্রিকের পর এক ওভার বিরতি দিয়ে ইয়ামিন আহমদজাইকে ফিরিয়ে ম্যাচে নিজের ৫ উইকেট পূর্ণ করেন এই তরুণ তুর্কি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












