অর্থনীতি ডেস্ক
ঢাকা: বহর সম্প্রসারণ, আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহণ সক্ষমতা বাড়াতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা) ব্যয়ে এই উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বিমান চারটি অত্যাধুনিক ওয়াইড বডি এ৩৫০-৯০০ এবং ছয়টি ন্যারো বডি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট যুরগেন ওয়েস্টারমেয়ার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘপথের আন্তর্জাতিক রুটে অধিক যাত্রী পরিবহণ, জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখবে এ৩৫০-৯০০। অন্যদিকে আঞ্চলিক নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যবহৃত হবে এ৩২১নিও। কোনো দেশকে তুষ্ট করার জন্য নয়, বরং দেশের বাণিজ্যিক স্বার্থ ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা থেকেই স্বাধীন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে বিমানের সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
বাংলাফ্লো/এম এইচ এইচ









