অর্থনীতি ডেস্ক
ঢাকা: উড়োজাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের (শুল্ক ও মূসকসহ) দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা, যা গত মাসে ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।
হিসেব অনুযায়ী, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা, যা শতকরা হিসেবে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি। বুধবার (৭ অক্টোবর) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস গড় রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট অনুযায়ী মার্কিন ডলারের বিনিময় হার পর্যালোচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকমুক্ত) ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সবকটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যকর হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











