বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এসেছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত জনপ্রিয় অভিনেতা আসিফ খান। শো-এর ভেতর পুরুষত্ব ও গোঁফ নিয়ে তার করা একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে প্রতিযোগিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেন ও দর্শকদের বড় একটি অংশ মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে আসিফ পরোক্ষভাবে শো-এর দীর্ঘদিনের সঞ্চালক বলিউড ভাইজান সালমান খানকেই অপমান করেছেন।
সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে অধিনায়কত্ব (ক্যাপ্টেন্সি) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় অন্য এক প্রতিযোগী অভিযোগ তোলেন, আরেক প্রতিযোগী নিজের দলের সব সদস্যকে নিজের মতো গোঁফ রাখতে বাধ্য করছেন। এর জবাবে আসিফ খান নিজের রাজস্থানি সংস্কৃতির সাফাই গেয়ে মন্তব্য করেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের আসল পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদেরকে আমরা পুরুষ মানুষ বলেই গণ্য করি না!’
আসিফের এমন মন্তব্য শোনার পরপরই বিগ বসের অন্যান্য প্রতিযোগীরা তীব্র প্রতিবাদ জানান। তারা আসিফকে স্মরণ করিয়ে দেন যে, সমাজের বহু শ্রদ্ধেয় ব্যক্তিরই গোঁফ থাকে না, এমনকি স্বয়ং সঞ্চালক সালমান খানও সবসময় গোঁফ রাখেন না। আরেক প্রতিযোগী স্পষ্ট ভাষায় বলেন, গোঁফ দিয়ে পৌরুষ মাপা যায় না; একজন প্রকৃত পুরুষ পরিবারকে আগলে রাখেন, কোনো অহংকার দেখান না। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সালমান ভক্তরা। আসন্ন ‘উইকেন্ড কা বার’-এ সঞ্চালক সালমান খান এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানান, এখন সেটাই দেখার বিষয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ









