বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা:
উদ্বোধনী চমক হিসেবে ‘ফ্রি শপিং’-এর লোভনীয় বিজ্ঞাপনী প্রচারণাকে কেন্দ্র করে রাজধানীর একটি পোশাক বিক্রয়কেন্দ্রে শত শত ক্রেতার উপচে পড়া ভিড়, মারমুখী হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে আউটলেটটিতে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে ক্রেতাদের বের করে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত বিক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, সামাজিক মাধ্যমে কোনো শর্ত ছাড়াই ‘ফ্রি শপিং’ কথাটি বড় করে প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আউটলেটে প্রবেশের পর অভ্যন্তরীণ নানা কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়, যা স্পষ্ট প্রতারণা। অন্যদিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রচারণায় শর্ত প্রযোজ্য লেখা থাকলেও একদল মানুষ অযৌক্তিকভাবে ভেতরে ঢুকে পরিকল্পিত ‘মব’ তৈরি করে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের বক্তব্য শুনে পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে দিনের জন্য শোরুমের কার্যক্রম স্থগিত করে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












