বিনোদন ডেস্ক
ঢাকা:
ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর সঙ্গে খল অভিনেতা মিশা সওদাগরের পারিবারিক বন্ধুত্ব ও হৃদ্যতা তিন দশকেরও বেশি পুরোনো। পর্দার বৈরিতা ভুলে বাস্তবে তাদের এই অটুট ভালোবাসার নানা মজার মুহূর্ত প্রায়ই নজর কাড়ে নেটিজেনদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্ত্রী মৌসুমী ও পরম বন্ধু মিশা সওদাগরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তাদের দীর্ঘদিনের মিষ্টি খুনসুটি ও ঝগড়ার গল্প প্রকাশ্যে এনেছেন চিত্রনায়ক ওমর সানী।
হাস্যরসের ছলে সানী লিখেছেন, ব্যক্তিজীবনে তিনি আর মিশা সওদাগর অসংখ্যবার তর্কে জড়িয়েছেন, যা মূলত ছিল তাঁদের ‘সুখের মারামারি’। আর এই দুজনের ঝগড়া মেটাতে কখনও মৌসুমী, আবার কখনও আমিন খান বা অমিত হাসানকে ‘রেফারি’র দায়িত্ব পালন করতে হয়। মিশা যখন পরিবারের প্রয়োজনে যুক্তরাষ্ট্রে উড়াল দেন, তখন সানীর মন চরমভাবে খারাপ হয়ে যায়। খুনসুটি থামাতে হলুদ ও লালকার্ড দেওয়ার এখতিয়ার থাকে তাদের সন্তানদের হাতে। তারকাদের এই অকৃত্রিম বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন ছুঁয়ে গেছে অনুরাগীদের হৃদয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












