বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: একাধিক সংসদ সদস্যের (এমপি) অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে জাতীয় সংসদের চিফ হুইপকে ফোন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে একটি সক্রিয় সাইবার অপরাধী চক্র। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের মাধ্যমে স্পর্শকাতর এই জালিয়াতির তথ্য প্রকাশ্যে আসে।
জানা যায়, বেশ কয়েকজন সংসদ সদস্যের পরিচিত কলার আইডি ব্যবহার করে চিফ হুইপের নম্বরে কল আসে এবং জরুরি আর্থিক সহযোগিতার কথা বলা হয়। তবে কথা বলার ভঙ্গি ও অস্বাভাবিক দাবিতে সন্দেহ হলে চিফ হুইপ সরাসরি সংশ্লিষ্ট এমপিদের সঙ্গে বিকল্প উপায়ে যোগাযোগ করে নিশ্চিত হন যে তারা কেউ কোনো কল দেননি। প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে স্পুফিং করে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতোমধ্যে সংসদীয় প্রশাসন বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












