বিনোদন ডেস্ক
ঢাকা: নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির আজ শুভ জন্মদিন। ১৯৭৯ সালের এই দিনে খুলনায় জন্ম নেওয়া এই গ্ল্যামারাস অভিনেত্রী বর্তমানে ব্যক্তিগত জীবনের নানা ব্যস্ততা ও পরিবার নিয়ে রূপালি পর্দার লাইমলাইট থেকে একেবারেই দূরে রয়েছেন। দীর্ঘ সময় ক্যামেরার সামনে দেখা না গেলেও জন্মদিনে সামাজিক মাধ্যমে সহকর্মী ও লাখো ভক্তের শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
‘লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখা পপি মনতাজুর রহমান আকবরের ব্লকবাস্টার হিট ‘কুলি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে রাজকীয় অভিষেক ঘটান। এরপর রুবেল, ওমর সানী, শাকিল খানসহ শীর্ষ নায়কদের সঙ্গে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অনন্য অভিনয়শৈলী দেখিয়ে তিনি নিজের ঝুলিতে তুলে নেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় নিজেকে আড়ালে নিয়ে বর্তমানে স্বামী-সন্তান নিয়ে নিভৃতে পারিবারিক সুখেই দিন কাটাচ্ছেন এই নন্দিত অভিনেত্রী।
বাংলাফ্লো/এম এইচ এইচ











