বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: চরম ভোগান্তির কারণ উল্লেখ করে প্রিপেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’। একই সঙ্গে বিদ্যুতের দাম কমানো, বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও প্রিপেইড মিটারবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানের পর আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই ১৫ দশমিক ৬ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কৌশলে তিন থেকে চার গুণ পর্যন্ত অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ খাত দুর্নীতি ও লুটপাটের অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছিল, যা এখনো বিদ্যমান।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের ৩১টি প্রকল্প বাতিল করা হলেও গ্রাহকদের শোষণ করার যন্ত্র প্রিপেইড মিটার প্রকল্পটি এখনো বহাল রাখা হয়েছে। উল্টো এই প্রকল্পটি বাস্তবায়নে বর্তমান সরকারও তৎপর হয়ে উঠছে। তবে আমরা আগের ডিজিটাল মিটারে ফিরতে চাই।”
গ্রাহকদের ভোগান্তি ও অসন্তোষ স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে দেশের বিদ্যুৎ গ্রাহকদের একটি বড় অংশ নানা ধরনের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হচ্ছেন। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের সঙ্গে সামঞ্জস্যহীন ব্যয়, রিচার্জে বিভিন্ন হিডেন চার্জ, মিটার-সংক্রান্ত কারিগরি ত্রুটি এবং হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশেষত সীমিত আয়ের পরিবারের জন্য নিয়মিত রিচার্জের চাপ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিদ্যুৎ সেবা অবশ্যই স্বচ্ছ, জবাবদিহিমূলক, সাশ্রয়ী ও গ্রাহকবান্ধব করার দাবি জানানো হয়।
বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির চার দফা দাবি: ১. বিদ্যুৎ গ্রাহক ভোগান্তি ও দুর্নীতির প্রিপেইড মিটার বাতিল করে আগের ডিজিটাল মিটার ফেরত দিতে হবে। ২. বিদ্যুতের দাম কমিয়ে এ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ৩. প্রিপেইড মিটার আন্দোলনে নেতাদের নামে করা সব মামলা প্রত্যাহার করতে হবে। ৪. বিদ্যুৎখাত ব্যক্তিমালিকানায় হস্তান্তরের চক্রান্ত প্রতিরোধ এবং বিদ্যুৎ গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
নতুন কর্মসূচি ঘোষণা বিদ্যুৎ গ্রাহকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। তিনি জানান, দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী মশাল মিছিল করা হবে। এরপর ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে একটি রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












