আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অনুমোদনহীনতার অভিযোগে মাদ্রাসা বন্ধ করার অভিযান শুরু করেছে প্রশাসন। এখন পর্যন্ত রাজ্যের ২০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এসব মাদ্রাসার কোনো সরকারি অনুমোদন নেই এবং সেখানে মানসম্মত শিক্ষাও দেওয়া হয় না।
রোববার (৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, উত্তরাখণ্ডের প্রশাসন তাদের এই অভিযান প্রাদেশিক রাজধানী দেরাদুন এবং হালদওয়ানিতে বিস্তৃত করেছে। প্রদেশের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানান, এই ২০টি মাদ্রাসার মধ্যে ১৭টি সিলগালা করা হয়েছে। আর বাকি তিনটি মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ করে দেবে বলে প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং তার প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন, সরকারের নির্দেশিত আইন এবং স্বীকৃতি ছাড়া রাজ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংখ্যালঘুদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন ব্যবস্থা আনা হয়েছে, যার মূল লক্ষ্য হলো আধুনিক ও গুণগত শিক্ষা নিশ্চিত করে শিক্ষাগত মানদণ্ড প্রতিষ্ঠা করা।
মুখ্যমন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়েছেন, শিশুদের শিক্ষার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। যারা সরকারের এই আইন মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












