বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী। রোববার (৬ সেপ্টেম্বর) বিদিশা সিদ্দিকের করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বিদিশার আইনজীবী মো. মাসুদ মিয়া জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে কাশিমপুর কারাগারে থাকা বিদিশা সিদ্দিকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না।
আদালতে আজ বিদিশার পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, মো. মাসুদ মিয়া ও নোমান হোসাইন তালুকদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ আলম দোহা।
মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মামলাটি করেছিলেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী। ওই মামলায় দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় সেদিন বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।
পরবর্তীতে গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করার পাশাপাশি জামিন চেয়েছিলেন বিদিশা। গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির সেই জামিন আবেদন নাকচ করে দেন। এরপর তিনি হাইকোর্টে আবেদন করলে আজ তার জামিন মঞ্জুর হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












