জেলা প্রতিনিধি
কুমিল্লা: কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দকৃত কক্ষজুড়ে উইপোকার দাপট দেখে রাগে-ক্ষোভে সেখানে রাত্রিযাপন না করেই অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় যান তিনি। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
জানা যায়, সার্কিট হাউসে ডা. তাহেরের রাত্রিযাপনের জন্য ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বুকিং করা ছিল। রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে বিশ্রাম নিতে গেলে পুরো কক্ষ, আসবাবপত্র ও কম্বলে প্রচুর উইপোকা দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন এবং নতুন একটি কম্বল চান। কিন্তু সঙ্গে সঙ্গে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে এমপির একান্ত ব্যক্তিগত সচিব (এপিএস) আরিফুর রহমান বিষয়টি মোবাইল ফোনে কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) অবহিত করেন। এরপরও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় এই উপনেতা।
ইতিমধ্যে কক্ষজুড়ে উইপোকার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান এ ঘটনার সমালোচনা করে বলেন, “কুমিল্লা সার্কিট হাউস সুসজ্জিত একটি আধুনিক মানের ভবন। এটি দেখভাল করার জন্য সরকারি জনবলও আছে। কিন্তু ভিআইপি অতিথিদের জন্য আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। সেখানে দেখলাম উইপোকার বেশ দাপট। তাই অপেক্ষা করেও বিকল্প কক্ষ না পেয়ে আমাদের নেতা সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করছেন।”
এ বিষয়ে বক্তব্য জানতে রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার এনডিসির সরকারি নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, নতুন এই সার্কিট হাউসে আরও কক্ষ খালি ছিল; কিন্তু অন্য একটি কক্ষের চাবি আনতে দেরি হওয়ায় বিরোধীদলীয় উপনেতা চলে গেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












