বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আইনের ফাঁকফোকরের কারণে মাদক কারবারি ও ছিনতাইকারীদের অনেক সময় দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রত্যেক মাদক কারবারি ও ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে তাদের দীর্ঘদিন আটকে রাখতে পারিনি। তারা বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে।”
মাদক ও ছিনতাই প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম। প্রায় এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
আইজিপি আরও বলেন, মাদক আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করছে। ইয়াবাসহ বিভিন্ন মাদক এনার্জি ট্যাবলেট বা আকর্ষণীয় নামে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সন্তানদের সচেতন করতে হবে। তিনি পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা এবং ট্রাফিক নিয়ম সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করার ওপর জোর দেন।
একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, আজ থেকে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ পুলিশ, ঢাকা শহর ও সিটি করপোরেশনের জন্য একটি মাইলফলক। এই ক্যাম্পেইন ঢাকা শহরের আনাচে-কানাচে ছড়িয়ে পড়বে এবং ঢাকা শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ঢাকাকে বদলাতে হলে আগে নিজেদের বদলাতে হবে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়ন ও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করেন। শহরের প্রতি মমত্ববোধ বাড়াতে স্কুলশিক্ষার্থীদের ঢাকার ঐতিহাসিক স্থানগুলো ঘুরিয়ে দেখানোর উদ্যোগের কথাও জানান তিনি।
অনুষ্ঠান শেষে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে একটি নিম গাছ রোপণ করেন আইজিপি এবং ডিএমপি কমিশনার। এ সময় কমিউনিটি ব্যাংকের এমডি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












