বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের আইটেম গানে পারফর্ম করে পরিচিতি পাওয়া খোলামেলা ও স্পষ্টবাদী মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি আধ্যাত্মিক সফরে পবিত্র মক্কায় গিয়েছেন। পবিত্র এই ভূমিতে দাঁড়িয়ে তিনি নিজের জীবনের পাশাপাশি দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য প্রার্থনা করেছেন। তার এই প্রার্থনায় গুরুত্ব পেয়েছে শিক্ষা, কর্মসংস্থান, সততা এবং বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধের কথা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, মক্কায় দাঁড়িয়ে রাখি প্রার্থনা করেন, ‘হে আল্লাহ, আমার দেশকে রক্ষা করো। দেশের মানুষকে ভুল পথে চালিত করা ব্যক্তিদের হাত থেকেও দেশকে রক্ষা করো।’ একইসঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও প্রার্থনা করেন এই অভিনেত্রী। তরুণদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক এবং দেশের রাজনৈতিক নেতারা যেন সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন— এমনটিই কামনা করেন তিনি।
শুধু সাফল্য বা কর্মসংস্থান নয়, দেশের তরুণ-তরুণীদের সম্মান ও মর্যাদা নিয়েও উদ্বিগ্ন রাখি। সম্প্রতি এক কিশোরের আইফোন কেনার আবদারকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে তিন সদস্যের একটি পরিবারের আত্মহত্যার মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করেন তিনি। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, আইফোন হোক কিংবা অন্য কোনো দামি জিনিস, এমন কোনো চাহিদার জন্য যেন কেউ বাবা-মাকে কষ্ট না দেন। দামি জিনিসের জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি না করে নিজেদের পায়ে দাঁড়ানো এবং নিজের উপার্জনে জীবন গড়ে তোলার আহ্বান জানান এই অভিনেত্রী।
উল্লেখ্য, এর আগে নিজের ধর্মীয় পরিচয় প্রসঙ্গে রাখি জানিয়েছিলেন, জন্মসূত্রে তিনি হিন্দু। পরে খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে একই সঙ্গে তিনি সব ধর্মকেই সমানভাবে সম্মান করেন বলেও একাধিকবার জানিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









