বিনোদন ডেস্ক
ঢাকা: কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ বড় পর্দায় মুক্তির চূড়ান্ত সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটিতে সহিংসতা ও বিতর্কিত দৃশ্য থাকা সত্ত্বেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য কাটা ছাড়াই এটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) গ্রেড দিয়েছে। আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ৩ ঘণ্টা ১২ মিনিট দীর্ঘ এই কন্নড়-ইংরেজি দ্বিভাষিক সিনেমাটি।
সিবিএফসি মূল কোনো দৃশ্য কর্তন না করলেও কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি আপত্তিকর শব্দ মিউট বা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী ইংরেজি সাবটাইটেলও সংশোধন করতে বলেছে। এছাড়া সিনেমা জুড়ে যথারীতি ধূমপান ও মদ্যপানবিরোধী সতর্কবার্তা যোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সিনেমাটিতে থাকা অত্যধিক সহিংসতা, যৌনতা ও সংবেদনশীল দৃশ্য নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং যুক্তরাজ্যেও সিনেমাটিকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হয়েছে।
সিনেমাটি যে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই তৈরি, সে কথা বারবার স্পষ্ট করেছেন খোদ যশ নিজেই। সম্প্রতি ভারতীয় একটি টকশোতে হাজির হয়ে অভিনেতা তার সিনেমার ট্যাগলাইন ‘বড়দের জন্য এক রূপকথা’ উল্লেখ করে জানান, এটি শিশুদের জন্য তৈরি করা হয়নি, তাই হলে না গিয়ে তাদের ঘরেই থাকা উচিত। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় যশ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত। সব বিতর্ক ও কৌতূহল সঙ্গী করে আগামী ২৬ আগস্ট পর্দায় ঝড় তুলতে আসছে ‘টক্সিক’।
বাংলাফ্লো/এম এইচ এইচ












