আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। হতাহতরা সবাই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিক। গত রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে হোটেলের একটি এসি বিস্ফোরণের জেরে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত কলকাতা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের একটি দলও।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, হোটেলের ৩ তলায় আগুন লেগেছিল। কিন্তু এলাকার সরু গলির কারণে ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ ছিল না। বাধ্য হয়ে বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে হয়। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে হোটেলের ভেতরে ঢুকে উদ্ধারকাজ চালান তারা।
নিউমার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানান, আগুন লাগার পর হোটেলের কক্ষগুলো ধোঁয়ায় পুরোপুরি অন্ধকার হয়ে যায়। বিভিন্ন কক্ষ থেকে অচেতন অবস্থায় বেশ কয়েকজন অতিথিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের শরীরে আগুনে পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি, মূলত ধোঁয়ার কারণে দমবন্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা চলছে এবং সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, মাত্র দু’দিন আগে গত ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ শহরে ‘বিদেশিনী’ নামের অপর একটি হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ কলকাতার বুকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল।
বাংলাফ্লো/এম এইচ এইচ












