বিনোদন ডেস্ক
ঢাকা: আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বেশ বিপাকে পড়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা যেমন সমালোচনা করছেন, তেমনি এ নিয়ে নানা প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে ‘কেজিএফ’ খ্যাত এই তারকাকে। তবে বড় পর্দায় যশের এমন দৃশ্য দেখে তার স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা নিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন যশ।
স্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে যশের ভাবনা
যশের স্ত্রী রাধিকা পণ্ডিত নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী। সিনে জগতে কিংবা পর্দায় এসব ব্যাপার তার কাছে নতুন কিছু নয়। এরপরও যশ মনে করেন, পর্দায় স্বামীর এ ধরনের দৃশ্য একজন স্ত্রীর জন্য কিছুটা আপত্তিকর হতে পারে।
অভিনয় ও ব্যক্তিগত জীবনকে আলাদাভাবে দেখার কথা উল্লেখ করে যশ জানান, পর্দায় তাকে এসব দৃশ্যে দেখে স্ত্রী রাধিকা হয়তো খুব একটা খুশি হবেন না। তবে এর অর্থ এই নয় যে তিনি রেগে যাবেন বা তাদের দাম্পত্য সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে। রাধিকা পেশার ধরন ভালোভাবে বোঝেন এবং স্বামীর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।
‘গল্পের প্রয়োজনেই এমন দৃশ্য’
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অস্বস্তি নিয়ে যশ অকপটে বলেন, “বিষয়টা স্বস্তিকর নয় ঠিকই। কিন্তু সেই দ্বিধার জায়গাটা আমি পেরিয়ে এসেছি। এই ধরনের দৃশ্যে অভিনয় করা আমার কাছেও সহজ নয়। কিন্তু গল্পের প্রয়োজনে এই দৃশ্যগুলো করতে হয়েছে। গল্পের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
স্ত্রীর বিশ্বাস প্রসঙ্গে তিনি আরও বলেন, “অবশ্যই ও (রাধিকা) খুশি হবে না। কিন্তু তার মানে এই নয় যে ও আমার ওপর রেগে যাবে। কারণ, ও আমাকে খুব বিশ্বাস করে।”
‘টক্সিক’ মুক্তির দিনক্ষণ ও তারকা মেলা
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়া ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। সব ঠিক থাকলে সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










