আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম লন্ডনের রাস্তায় এক চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। সুদানে চলমান প্রাণঘাতী যুদ্ধে আমিরাতের ভূমিকা নিয়ে তাকে এক সুদানি নাগরিকের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়তে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, লন্ডনের অভিজাত নাইটসব্রিজ এলাকায় মাকতুম ও তার সঙ্গীদের পথ আটকে এক সুদানি নাগরিক চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছেন। রাস্তার অন্য পাশ থেকে ওই সুদানি নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমিরাত সুদানের সাধারণ মানুষকে হত্যা করছে। এ সময় তিনি তার দেশে অবিলম্বে রক্তপাত বন্ধ করার দাবি জানান।
প্রতিবাদের এক পর্যায়ে মাকতুমের সফরসঙ্গী এক ব্যক্তি ওই সুদানি নাগরিকের দিকে তেড়ে যান এবং তাকে লক্ষ্য করে বর্ণবাদী গালিগালাজ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ওই ব্যক্তি রাস্তা পার হয়ে সরাসরি প্রতিবাদকারীর মুখোমুখি হন। এ সময় সুদান সংকটের পেছনে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের ভূমিকারও তীব্র সমালোচনা করেন ওই প্রতিবাদকারী।
সংযুক্ত আরব আমিরাত বরাবরই সুদান সংঘাতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দাবি করে আসছে, আমিরাত মূলত সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সহায়তা করছে। এছাড়া লিবিয়া, চাদ এবং সোমালিল্যান্ডের মাধ্যমে অস্ত্র সরবরাহেরও বেশ কিছু জোরালো প্রমাণ পাওয়া গেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধের ফলে সুদানে এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। (তথ্যসূত্র: মিডল ইস্ট আই)
বাংলাফ্লো/এম এইচ এইচ












