বিনোদন ডেস্ক
ঢাকা: সফল জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে জেগে ওঠা নতুন বাংলাদেশে রাজনৈতিক বিভাজনের বাইরে বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক হিসেবে চিরঅম্লান থাকবেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই কথা জানান। তিনি বলেন, দেশনেত্রীর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস যুগে যুগে প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে।
ফেসবুক পোস্টে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করে আসিফ আকবর লিখেছেন, স্বদেশি দানবের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ে ১ হাজার ৪০০ বীর জুলাই শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। অত্যাচারী, খুনি, লুটেরা ও দেশদ্রোহী ফ্যাসিস্টরূপী দানবীয় শক্তির বিরুদ্ধে মুক্তিকামী জনতার বহু আকাঙ্ক্ষিত বিজয়ের নাম জুলাই বিপ্লব। বাংলাদেশ আজ অনুশোচনাহীন, অসভ্য ও বর্বর পলাতক ফ্যাসিস্টের খপ্পর থেকে রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খলমুক্ত।
বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাবের কথা স্মরণ করে এই সংগীতশিল্পী লেখেন, অনুভূতির প্রতিটি অনুরণনে বাজতেই থাকে দেশনেত্রীর কথাগুলো। ফ্যাসিস্টকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার মতো আপসহীন দৃঢ়তা আজ বিরাজমান জেন-জি প্রজন্মের অস্তিত্বে। আসিফ আরও স্মরণ করেন খালেদা জিয়ার সেই বিখ্যাত উক্তি— ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার ঠিকানা।’
পোস্টের শেষাংশে আসিফ আকবর লেখেন, তিনি শায়িত হয়েছেন এই মাটিতেই। বেগম জিয়ার জানাজায় বিস্ফোরিত হয়েছে সর্বস্তরের মানুষের আবেগ। তিনি বিদায় নিয়েছেন গর্বিত বিজয়ীর মতোই। ম্যাডামকে উদ্দেশ করে তিনি লেখেন, “ম্যাডাম, আপনি সফল। এই দেশের তারুণ্য আপনার আপসহীনতাকে অন্তরে ধারণ করে। আর কোনো শৃঙ্খলে আবদ্ধ হবে না বাংলাদেশ। আপনি এ দেশের আপামর জনতার হৃদয়ে দ্রোহের অগ্নিমশাল হয়ে জ্বলবেন অনন্তকাল। আপনার কাছ থেকে শেখা ইস্পাত-কঠিন দেশপ্রেম ভোলার মতো নয়।”
বাংলাফ্লো/এম এইচ এইচ












