স্পোর্টস ডেস্ক
ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে কিছু দিনের বিশ্রাম শেষে আবারও ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। আগামী ১০ আগস্ট থেকে নিগার সুলতানা জ্যোতিদের স্কিল ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এই ক্যাম্প শেষ করেই এশিয়া কাপ মিশনে দেশ ছাড়বে টাইগ্রেসরা।
চলতি মাসেই দুবাইয়ের মাটিতে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের জমজমাট আসর। বর্তমানে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সারোয়ার ইমরান। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলের জন্য নতুন করে বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচ হিসেবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে বলে শোনা যাচ্ছে। এছাড়া দেশের নারী ক্রিকেটের তৃণমূল পর্যায়ের উন্নয়নের জন্য ৮ বিভাগে ৮ জন নারী কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি। এক্ষেত্রে সাবেক ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে শক্তিশালী ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। আগামী ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাফ্লো/এম এইচ এইচ











