বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও ট্রাফিক নিয়ম না মানার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২ আগস্ট) সকালে এমন অরাজক পরিস্থিতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।
সকাল সাড়ে ৮টার দিকের পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজটের লেজ গিয়ে ঠেকেছে বনানী-কাকলী পর্যন্ত। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি আটকে থাকতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলো সম্পূর্ণ এলোমেলোভাবে যত্রতত্র যাত্রী ওঠানামা করাচ্ছে। একই সঙ্গে কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরমুখী যানবাহনের চালকেরাও কোনো ধরনের লেন শৃঙ্খলা মানছেন না।
এর ফলে কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলকভাবে কিছুটা স্বাভাবিক থাকলেও, এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে পেছনের সড়কগুলোতে। বনানী-কাকলী থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী যাত্রীদের।
যানজটে আটকে থাকা বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার বদলায়, কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না। বাসগুলো যদি নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করাত এবং চালকেরা যদি লেন শৃঙ্খলা মেনে চলতেন, তবে এমন ভয়াবহ যানজট অনেকটাই এড়ানো সম্ভব হতো।”
বাংলাফ্লো/এম এইচ এইচ











