স্পোর্টস ডেস্ক
ঢাকা: সবুজ ঘাসের বুকে নিজের পায়ের জাদুতে অসংখ্য রেকর্ডের জন্ম দিয়েছেন পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনালদো। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত আসরটিই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ছিল। খুব শিগগিরই হয়তো পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন সিআর সেভেন। তবে খেলোয়াড়ি জীবনের একদম শেষ প্রান্তে এসে ভক্তদের জন্য দারুণ এক চমক নিয়ে হাজির হলেন তিনি; এবার হলিউড দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে তার।
জানা গেছে, ব্রিটিশ ফুটবলের প্রেক্ষাপটে তৈরি হতে যাওয়া একটি নতুন টেলিভিশন ড্রামা সিরিজে শুধু অভিনয়ই নয়, বরং প্রযোজক হিসেবেও যুক্ত থাকছেন রোনালদো। ‘ডে ওয়ান’স’ শিরোনামের এই প্রজেক্টটি খেলার মাঠের বাইরে বিনোদন ও ব্যবসাজগতে তার অন্যতম বড় একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিরিজে পর্তুগিজ মহাতারকার পাশাপাশি পর্দা কাঁপাবেন ফরাসি ও আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরি।
সিরিজটির গল্প কোনো বাস্তব ফুটবলারের জীবনী অবলম্বনে নির্মাণ করা হচ্ছে না। বরং স্ট্যানলি ডাল্টন নামের একজন কাল্পনিক ও প্রভাবশালী এজেন্টের জীবনকে কেন্দ্র করে এর কাহিনি এগিয়ে যাবে। আর এই কেন্দ্রীয় এজেন্টের ভূমিকায় দেখা যাবে ‘বিলিয়নস’ ও ‘হোল্যান্ড’ খ্যাত জনপ্রিয় হলিউড তারকা ড্যামিয়ান লুইসকে। তাদের সাথে আরও অভিনয় করবেন র্যাপার ডেভ এবং নবাগত মুখ কার্লোটা বানাত।
নতুন এই অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত রোনালদো নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “পুরো বিষয়টি নিয়ে আমি বেশ রোমাঞ্চিত। এর মাধ্যমে আমার জীবনের সম্পূর্ণ নতুন একটি দুয়ার উন্মোচিত হলো। আমি সবসময়ই নতুন ধরনের কাজের সাথে যুক্ত হতে পছন্দ করি। আমার বিশ্বাস, এই নতুন উদ্যোগটি সবার ভালো লাগবে।”
এরই মধ্যে লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের মাঠে ড্যামিয়ান লুইস এবং থিয়েরি অঁরিকে নিয়ে সিরিজটির দৃশ্যধারণের কাজ শুরু হয়ে গেছে। নির্মাতাদের মতে, এই সিরিজে কোনো হালকা হাস্যরস বা কমেডির বদলে ব্রিটিশ ফুটবলের ভেতরের আসল রাজনীতি, জটিলতা ও চরম নাটকীয় রূপটিই দর্শকদের সামনে নিখুঁতভাবে তুলে ধরা হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









