বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই তরুণের নাম-পরিচয় জানা যায়নি।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক তাজিয়া মিছিলে ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মিলে তাকে ধাওয়া করে ওই নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে যায় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্ত এবং এই হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্পষ্ট করেছেন যে, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি জানান, সম্পূর্ণ ভিন্ন কোনো কারণে ওই তরুণকে নির্মাণাধীন ভবনের নিচে কোপানো হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে ইতোমধ্যে পুলিশের নিবিড় তদন্ত শুরু হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






