বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ক্যাপসুল সংকটের কারণে দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর আগামী ২৮ জুন দেশব্যাপী পুনরায় শুরু হতে যাচ্ছে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’। শিশুদের অন্ধত্ব প্রতিরোধ ও পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সি ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে দেশব্যাপী ১ লাখ ২০ হাজার ইপিআই কেন্দ্র এবং লঞ্চঘাট, বাসস্টেশনসহ ৫০০টি মোবাইল কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ১২টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম চালানো হবে। আগামী ২৮ জুন সকালে রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। শিশুদের মৃত্যুঝুঁকি কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও দীর্ঘমেয়াদি ডায়রিয়া থেকে সুরক্ষা দিতে নির্দিষ্ট বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






