বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং এরই মধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় যৌথভাবে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। অভিযান চলাকালে ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে অসহযোগিতা করেন এবং সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উচ্ছৃঙ্খল আচরণ করে কয়েক দফায় বাধা সৃষ্টির চেষ্টা করেন। পরে রাতভর দীর্ঘ অভিযান ও অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাফ্লো/এফআইআর






