বিনোদন ডেস্ক
ঢাকা: বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। একক, ধারাবাহিক নাটক কিংবা সিনেমা—সব মাধ্যমেই তার সরব উপস্থিতি রয়েছে। তবে এমন ফুরফুরে মেজাজের মাঝেই হঠাৎ দুঃসংবাদ দিলেন এই অভিনেত্রী। কদিন ধরেই তার সময়টা একদম ভালো যাচ্ছে না। একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দীপা খন্দকার তার এই দুঃসময়ের কথা তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, গত ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাধে বিপত্তি। আক্ষেপ করে তিনি বলেন, “মে মাসের ২৭ তারিখ ইএনটি (নাক, কান ও গলা) বিশেষজ্ঞ চিকিৎসকের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা সমস্যায় কষ্ট পাচ্ছি।”
কান ব্যথার কষ্টের মধ্যেই আরও দুটি দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, মঙ্গলবার একটি উবারের দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাঁ হাতের আঙুল কেটে রক্ত বের হয়ে যায়। এরপর বুধবার শুটিং সেটে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাতও কেটে যায় তার। এমন পরিস্থিতিতে তার এক চিকিৎসক বান্ধবী তাকে টিটেনাস ইনজেকশন নেওয়ার পরামর্শ দিয়েছেন। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত বৈরী পরিস্থিতি থেকে দ্রুত সুস্থ ও স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন দীপা খন্দকার।
উল্লেখ্য, দীপা খন্দকার বর্তমানে বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিকের প্রথম ধাপের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ



