বিনোদন ডেস্ক
ঢাকা: ‘তুফান’ খ্যাত জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী সাধারণত বাণিজ্যিক ধারার সিনেমা নির্মাণের জন্যই দর্শকদের কাছে বেশি পরিচিত। তবে এবার তিনি নিজেকে উপস্থাপন করলেন একদম ভিন্ন এক রূপে। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের গল্প, ক্যারিয়ারের অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন এই পরিচালক। সেখানেই তিনি জানালেন, প্রয়াত কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদই তাকে চলচ্চিত্র জগতে পা রাখতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিলেন।
শৈশবের স্বপ্ন আর সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে রাফী জানান, ছোটবেলায় অনেকেই অনেক স্বপ্ন দেখে যা সব সময় বাস্তবে রূপ নেয় না। তিনিও একসময় ভেবেছিলেন যে তার পরিচালক হওয়ার স্বপ্ন হয়তো কখনোই আলোর মুখ দেখবে না। ঠিক এমন এক ঘোরলাগা সময়েই তিনি তারেক মাসুদকে নিয়ে একটি খবর পড়েন। জানতে পারেন, ‘মাটির ময়না’ সিনেমা নিয়ে কান চলচ্চিত্র উৎসবে গেছেন এই গুণী নির্মাতা। তারেক মাসুদের জীবনের গল্প পড়ার পর রাফী নিজের জীবনের সঙ্গে দারুণ এক মিল খুঁজে পান। আর সেখান থেকেই তিনি নতুন করে স্বপ্ন দেখার শক্তি সঞ্চয় করেন। রাফী জানান, এত বছর পর একজন পেশাদার নির্মাতা হিসেবে তিনি তার এই নতুন কাজটি তার ওস্তাদ তারেক মাসুদকেই উৎসর্গ করেছেন।
নতুন এই সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের এক বিশেষ মাইলফলক হিসেবে দেখছেন রাফী। তার মতে, একজন পরিচালক হিসেবে তার আসল যাত্রা মূলত এই ছবির মাধ্যমেই শুরু হলো। এর আগে তিনি বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও, সত্যিকারের মনের প্রশান্তি খুঁজে পেয়েছেন এই কাজটিতেই। আগামীতে এই ধরনের জীবনমুখী ও ভিন্ন ধারার সিনেমা নিয়মিত নির্মাণের ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
কমার্শিয়াল বা বাণিজ্যিক সিনেমার পাশাপাশি এখন থেকে নিজের আত্মার তৃপ্তির জন্যও সিনেমা বানাতে চান রাফী। তার মতে, একজন সত্যিকারের শিল্পীর মূল উদ্দেশ্য কখনোই শুধু ব্যবসা করা হতে পারে না। তাই ভবিষ্যতে বছরে অন্তত একটি এক্সপেরিমেন্টাল বা ভিন্ন ধারার সিনেমা এবং একটি কমার্শিয়াল সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। এতে করে একদিকে যেমন দর্শকরা বিনোদন পাবেন, অন্যদিকে নিজের শিল্পীসত্তাও তৃপ্ত হবে বলে বিশ্বাস করেন এই তরুণ নির্মাতা।
বাংলাফ্লো/এম এইচ এইচ






