বিনোদন ডেস্ক
ঢাকা: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখে পড়েছেন—এমন একটি খবরে মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকেই উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে খবরটি মুহূর্তেই বিভিন্ন সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত অভিনেতা নিজেই মুখ খুলে জানিয়েছেন, ছড়িয়ে পড়া এই খবরের কোনো সত্যতা নেই।
গুঞ্জনে দাবি করা হয়েছিল, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে ব্যক্তিগত সফরে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম। সেখানে নাকি আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছিল। এক সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়ানোর পর অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মোশাররফ করিম একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, ফেসবুকে যেভাবে বিষয়টি ছড়ানো হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই দাপুটে অভিনেতা বলেন, “ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার জন্য যতটুকু উপাদানের প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।”
জানা গেছে, কোনো পেশাগত কাজ বা শুটিংয়ের উদ্দেশ্যে নয়, বরং স্ত্রী জুঁইকে নিয়ে নিছকই ব্যক্তিগত অবকাশ যাপনের জন্যই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এই তারকা দম্পতি। আগামী তিন-চার দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ





