বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণ ও চরম হয়রানির শিকার হয়ে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভারত সফর বাতিল করে শ্রীলঙ্কা হয়ে আজ সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন ডা. জাহেদ উর রহমান। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশে যাত্রা করেন। কিন্তু বিমানবন্দরে নামার পরই ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে ভারতের নজরদারি তালিকা (ওয়াচলিস্ট) অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। এই অনাকাঙ্ক্ষিত জটিলতা ও হয়রানির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে উপদেষ্টা নিজেই তার পাসপোর্ট ফেরত চান এবং ভারতে প্রবেশ না করে সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
এদিকে রবিবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। ডা. জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা (ব্ল্যাকলিস্ট) থেকে আগেই অপসারণ করা হয়েছিল। তবে অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে সেই তথ্য যথাসময়ে হালনাগাদ না হওয়ায় তার নাম সেখানে থেকে যায়। ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য আটকে রাখা হয়।
বাংলাফ্লো/এফআইআর






