বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে হঠাৎ করেই শোরগোল পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। আর এই সব জল্পনা-কল্পনার মাঝেই গভীর রাতে নিজের ব্লগে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিগ বি। তার সেই রহস্যময় পোস্ট ঘিরে এখন বলিপাড়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে অমিতাভ বচ্চন গুরুতর অসুস্থ এবং তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয় তারকার এমন খবরের পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে বুধবার ভোররাতে নিজের ব্লগে একটি কবিতার মতো বার্তা শেয়ার করেন এই বর্ষীয়ান অভিনেতা।
সেখানে অমিতাভ লেখেন, ‘চিল যখন শান্ত থাকে, তখন টিয়াপাখিরা নানা কথা বলতে শুরু করে।’ অভিনেতার এমন লাইনের পর ভক্তদের ধারণা, তার শারীরিক অবস্থা নিয়ে চারদিকে যে ভিত্তিহীন গুঞ্জন ছড়ানো হচ্ছে, এটি মূলত তারই মোক্ষম জবাব। তবে বার্তার শেষে অনুরাগীদের আশ্বস্ত করে তিনি লিখেছেন, ‘ভালোবাসা, প্রার্থনা এবং আরও অনেক কিছু।’
এর আগে সাংবাদিক ভিকি লালওয়ানি এক প্রতিবেদনে দাবি করেছিলেন, পেটের সমস্যার কারণে গত ১৬ মে থেকেই নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন অমিতাভ। এমনকি ছেলে অভিষেক বচ্চনও তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বলে দাবি করা হয়।
তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে সত্য উঠে আসে। সেখানে বলা হয়, অমিতাভ বচ্চন কোনো গুরুতর অসুস্থতা নিয়ে নয়, বরং একদম রুটিন চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি সুস্থ শরীরে বাড়িও ফিরে গেছেন। ফলে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার যে খবরটি ছড়ানো হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে।
বাংলাফ্লো/এম এইচ এইচ




