বিনোদন ডেস্ক
ঢাকা: দুই সন্তানকে নিয়ে সাজানো সংসারে খুশির জোয়ারে ভাসছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য ও দত্তক নেওয়া কন্যাসন্তান সাফিয়া মুহাম্মদ প্রিয়মকে নিয়ে এখন তার ব্যস্ত সময় কাটে। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের একা হাতেই আগলে রেখেছেন এই নায়িকা। এবার মেয়ে প্রিয়মের জন্মদিনকে কেন্দ্র করে ভক্তদের মাঝে একগুচ্ছ মিষ্টি ছবি ও আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে দেখা যায়, নীল ও সাদা বেলুনে ঘেরা চমৎকার এক আয়োজনে মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন পরীমণি। সামনে রাখা থিম কেকটি আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, “আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।”
পরীমণির এই মাতৃত্বের রূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে। ছবিগুলো শেয়ার করার পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা ছোট্ট প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরীর অদম্য সাহসিকতা ও সন্তানের প্রতি নিখাদ ভালোবাসার প্রশংসা করেছেন। অভিনয়ের ব্যস্ততা ছাপিয়ে সন্তানদের সঙ্গেই এখন পরম সুখ খুঁজে নিচ্ছেন এই গ্লামারাস নায়িকা।
বাংলাফ্লো/এম এইচ এইচ






