বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশের বাজারে স্বর্ণের দাম একলাফে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে আজ মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। আজ সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ৩০ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছিল বাজুস। উল্লেখ্য, বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সাথে সামঞ্জস্য রেখে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। গত ২০২৫ সালেও দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
বাংলাফ্লো/এফআইআর






