বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে ওই সরকারের আমলে প্রণীত বিভিন্ন আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি এসব বিষয়ে অনুসন্ধান করতে একটি কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে ড. ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার আবেদন করা হয়েছে এই রিটে।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জনস্বার্থে গতকাল রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আজ সোমবার (৪ মে) তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। দায়েরকৃত এই রিটে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে এই একই আইনজীবী অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন, যা হাইকোর্ট খারিজ করে দেন। পরবর্তীতে গত ২০২৪ সালের ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রেখে সরকারের গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছিলেন। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সাংবিধানিক শূন্যতা পূরণে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে ওই বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল।
বাংলাফ্লো/এফআইআর






