বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে প্রিয়দর্শন পরিচালিত এই সিনেমাটি। ট্রেড অ্যানালিস্টদের তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশেষ প্রদর্শনী থেকে ৩ কোটি ৫০ লাখ রুপি আয়ের পর শুক্রবার (১৭ এপ্রিল) নিয়মিত প্রদর্শনীতে সিনেমাটি আয় করেছে ১২ কোটি ১৫ লাখ রুপি। সব মিলিয়ে ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৮ কোটি ৯০ লাখ রুপি এবং বিশ্বব্যাপী আয় ২৩ কোটি ৯০ লাখ রুপি (প্রায় ৩১ কোটি ৬৭ লাখ টাকা)।
বক্স অফিসের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘সূর্যবংশী’র পর এটিই অক্ষয় কুমারের সবচেয়ে বড় ওপেনিং। তবে ‘স্ত্রী টু’ বা ‘থাম্মা’র মতো অন্যান্য ব্লকবাস্টার হরর-কমেডি সিনেমার তুলনায় আয়ের দিক থেকে ‘ভূত বাংলা’ কিছুটা পিছিয়ে রয়েছে। প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে দীর্ঘ সময় পর পর্দায় ফিরেছেন অক্ষয় কুমার। এর আগে এই সফল জুটি ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’ ও ‘ভুল ভুলাইয়া’র মতো হিট সিনেমা উপহার দিয়েছে। ‘ভূত বাংলা’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, রাজপাল যাদব ও যীশু সেনগুপ্ত।
বাংলাফ্লো/এম এইচ এইচ






