বিনোদন ডেস্ক
ঢাকা: দেশের জনপ্রিয় মিউজিশিয়ান ও অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন) এবার যুক্ত হচ্ছেন রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘আন্ধার’-এ। এই সিনেমায় তাঁর নতুন গানের পাশাপাশি পুরোনো গানও ব্যবহৃত হবে। তবে শুধু সংগীত নয়, ব্যতিক্রমী এই সিনেমাটির গল্পের সঙ্গেও জড়িয়ে আছে সুমনের নাম। ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী ও আদনান আদিব খানের সঙ্গে যৌথভাবে ‘আন্ধার’-এর গল্প লিখেছেন তিনি।
সিনেমাটি নিয়ে সুমন জানান, এটি শুধু গতানুগতিক কোনো হরর সিনেমা নয়; এতে কমিক রিলিফ, অ্যাকশন, থ্রিল এবং ডিটেকটিভ গল্পের ছোঁয়াও থাকবে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে আগে কখনো হয়নি। মূলত ভৌতিক গল্পের সন্ধানে দেশের বিভিন্ন জায়গায় ছুটে যাওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই গল্প লেখা হয়েছে। গত বছর শুটিং শেষ হওয়া এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






