বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান, জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় আগ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতেই এই সংশোধনী আনা হয়েছে। এর আগে, গত বছর একই উদ্দেশ্যে ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। সংবিধানের বিধান অনুযায়ী, অধ্যাদেশটিকে আইনের ধারাবাহিকতা রক্ষায় সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করার বাধ্যবাধকতা ছিল।
আইনমন্ত্রী বলেন, এই বিলটি আইনে পরিণত হওয়ায় সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন আরও সহজতর হবে। সংসদে কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলের সব ধারা, শিরোনাম ও প্রস্তাবনা কণ্ঠভোটে গৃহীত হয় এবং ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটে তা চূড়ান্তভাবে পাস হয়।
বাংলাফ্লো/এফআইআর






