বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দেশে তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি আগামী তিন মাসের চাহিদা মেটাতে নতুন করে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত সরকারের কাছে আছে। এছাড়া রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞার ছাড় পাওয়ার ব্যাপারেও যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। সরকার আশাবাদী, ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে বাংলাদেশকে তেল আমদানির সুযোগ দেবে।’
দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে কৃষকদের তেল পেতে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তা সমাধানে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
বাংলাফ্লো/এফআইআর






