বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশীয় চেইন সুপারশপ ‘স্বপ্ন’-এর গ্রাহক ডাটাবেজ সাইবার হামলায় ফাঁস হওয়ার সাত মাস পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে মালিক প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেড। সোমবার (৩০ মার্চ) পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্তভার ইতোমধ্যে ডিবির সাইবার ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) এসিআই লজিস্টিকস লিমিটেডের প্রশাসন ও সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. মাসুম বিল্লাহ জিডিটি দায়ের করেন। সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান নিশ্চিত করেন যে, ডিবির সাইবার ইউনিট বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।
জিডির তথ্যমতে, ২০২৫ সালের আগস্টের আগে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র কিউলিন এবং লকবিট ৫.০ ফিশিং ইমেইলের মাধ্যমে স্বপ্নের সিস্টেমে র্যানসমওয়্যার হামলা চালায়। কিউলিন গ্রুপ সংবেদনশীল তথ্য ফাঁস না করার শর্তে ১০ দিনের মধ্যে ১৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছিল।
স্বপ্নের এমআইএস টিম দ্রুত ম্যালওয়্যার অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, চলতি বছরের ১৭ মার্চ লকবিট ৫.০-এর ডার্ক ওয়েব পোর্টালে ৪১০ গিগাবাইটের বেশি সংবেদনশীল তথ্য ফাঁস করা হয়।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে ৪০ লাখের বেশি নিবন্ধিত গ্রাহকের নাম, ফোন নম্বর, কেনাকাটার ইতিহাসসহ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নানা গুরুত্বপূর্ণ নথি ও চুক্তিপত্র রয়েছে। এর ফলে দেশজুড়ে থাকা ৮১২টি আউটলেটের কার্যক্রম, গ্রাহক নিরাপত্তা এবং সুনামগত বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর





