বিনোদন ডেস্ক
ঢাকা: বক্স অফিসে ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’ সিনেমা দিয়ে ঝড় তুললেও বড়সড় আইনি জটিলতায় পড়েছেন বলিউড তারকা রণবীর সিং। গত বছর একটি অনুষ্ঠানে অভিনেতা ঋষভ শেঠি ও ধর্মীয় চরিত্র অনুকরণের জেরে তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে। কর্ণাটকের একটি আদালত আগামী ১০ এপ্রিলের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সদ্য মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ব্যাপক ব্যবসা করছে এবং রণবীরের অভিনয় প্রশংসিত হচ্ছে। কিন্তু এই সাফল্যের মাঝেই আইনি হোঁচট খেলেন তিনি।
গত বছরের একটি অনুষ্ঠানে জনপ্রিয় সিনেমা ‘কান্তারা’-র প্রধান অভিনেতা ঋষভ শেঠির অভিনয়ের অনুকরণ করার পাশাপাশি পবিত্র ‘চামুণ্ডাদেবী’র চরিত্রটি নকল করার অভিযোগ উঠেছে রণবীরের বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও ভাইরাল হলে তুমুল সমালোচনার সৃষ্টি হয়।
কর্ণাটকের একটি আদালতে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন কড়া অবস্থান নেন। তিনি মন্তব্য করেন, “যত বড় তারকাই হোক না কেন, কারও ধর্মীয় বিশ্বাসকে হেয় করার অধিকার নেই।”
প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রণবীরের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে স্মরণ করিয়ে দেন আদালত। আগামী ১০ এপ্রিলের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলাকারী পক্ষ বিষয়টি শুধু আদালতের চারদেয়ালেই সীমাবদ্ধ রাখতে নারাজ।
বাংলাফ্লো/এম এইচ এইচ





