স্পোর্টস ডেস্ক
ঢাকা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী ফ্র্যাঞ্চাইজি লিগ বা নারী বিপিএল (W-BPL) শুরুর আগেই তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এপ্রিলের পরিবর্তে আগামী জুলাই মাসে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। এর পাশাপাশি টুর্নামেন্টের নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে।
প্রাথমিকভাবে ৪ থেকে ১৪ এপ্রিল টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও, এখন তা জুলাইয়ে অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামেও ম্যাচ রাখা হয়েছে। আগামী ২১ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
বিসিবি জানিয়েছে, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এবং সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলগুলোর স্কোয়াড গঠন, পরিকল্পনা সাজানো এবং বিদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ করার সুবিধার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও সময় চেয়েছিল।
আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের পরপরই জুলাইয়ে নারী বিপিএল অনুষ্ঠিত হলে সেখানে বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ ও সম্ভাবনা অনেক বেড়ে যাবে বলে আশা করছে বিসিবি।
বাংলাফ্লো/এফআইআর






