স্পোর্টস ডেস্ক
ঢাকা: ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও, স্বাগতিক ভারতকে সেমিফাইনালে দেখছেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তার মতে, সেমিফাইনালের দৌড়ে ভারতের চেয়ে ঢের এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারত জয় পেলেও ব্যাটিং লাইনআপ, বিশেষ করে টপ অর্ডারের সংগ্রাম আমিরের নজরে পড়েছে। ওই ম্যাচে সূর্যকুমার যাদব ছাড়া আর কেউ তেমন রান পাননি এবং অভিষেক শর্মার খারাপ সময় পার করার বিষয়টিও তিনি তুলে ধরেন। ভারতের এই ব্যাটিং অর্ডারেই মূল সমস্যা দেখছেন পাকিস্তানের এই সাবেক বাঁহাতি পেসার।
সম্প্রতি টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে নিজের এই পর্যবেক্ষণের কথা জানান আমির। তিনি স্পষ্ট করে বলেন, “আমি বলছি না যে ভারত খারাপ দল। তাদের ব্যাটিং এবং পুরো দল যেভাবে নিজেদের মেলে ধরেছে, তার ওপর ভিত্তি করেই এটি আমার বিশ্লেষণ। আমার মতে, এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ শ্রেয়তর দল, তাই আমি ভারতকে সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নিইনি।”
নিজের মতামতের পক্ষে যুক্তি দিয়ে আমির আরও যোগ করেন, তার বিশ্লেষণ কারও পছন্দ হওয়া বা না হওয়াটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তিনি জোর দিয়ে বলেন, “ভারত ফাইনালে খেলুক বা না খেলুক, তাতে আমার কিছু যায় আসে না। উইন্ডিজ ও প্রোটিয়ারা পরিপূর্ণ ক্রিকেট খেলছে বলেই আমার মনে হয় তারা সেমিফাইনালে যাবে।”
বাংলাফ্লো/এফআইআর






