বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আজ (১০ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে সারা দেশে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এই নিষেধাজ্ঞা ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলও বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস), সংবাদমাধ্যম, বিদেশগামী যাত্রী (টিকিট প্রদর্শন সাপেক্ষে) এবং নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া মহাসড়ক ও আন্তঃজেলা রোডে দূরপাল্লার যান চলাচলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনারদের স্থানীয় প্রয়োজনে নিয়ম শিথিল বা কঠোর করার ক্ষমতা দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






