বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে (ওএইচসিএইচআর) প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দ্রুত সম্ভব জাতিসংঘের কাছে এই প্রস্তাব পাঠানো হবে।
এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে ছিল বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও নিহতের পরিবারের অবস্থান কর্মসূচি। শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমার নেতৃত্বে এই বিক্ষোভে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের সুনির্দিষ্ট ঘোষণা দাবি করা হয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই সরকার ওএইচসিএইচআর-কে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার এই বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবিচল রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






