বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের এক সময়ের ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাত অর্জুন কাপুর ও মালাইকা অরোরা ২০২৪ সালে বিচ্ছেদের পথে হাঁটলেও তাদের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানসিক টান যে এখনো অটুট, তার প্রমাণ মিলল সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি অর্জুন কাপুর তার প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি জীবনকে ইদানিং তার প্রতি ‘নিষ্ঠুর’ বলে উল্লেখ করেন। মায়ের স্মৃতির উদ্দেশে তিনি লেখেন, ‘তোমাকে খুব মনে পড়ে… আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শিগগিরই আমার দেখা হবে।’ অর্জুনের এই বিষাদমাখা পোস্টে প্রাক্তন প্রেমিকা মালাইকা অরোরা কোনো শব্দ খরচ না করে কেবল একটি ‘লাল হৃদয়’ ইমোজি দিয়ে নীরব সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন, যা নেটিজেনদের নজর কেড়েছে।
অভিনয় জীবন ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত ট্রোলিংয়ের শিকার অর্জুন কাপুরের এই পোস্টে তার মানসিক যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটেছে বলে ধারণা করছেন ভক্তরা। বিচ্ছেদের পর মালাইকার নাম অন্যের সঙ্গে জড়ালেও তিনি এই কঠিন সময়ে প্রাক্তনের পাশে দাঁড়াতে ভোলেননি। মালাইকা ছাড়াও জাহ্নবী কাপুর, কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্ডেজ ও সঞ্জয় কাপুরের মতো তারকারা অর্জুনের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে, অর্জুনের ‘জীবন নিষ্ঠুর’ মন্তব্যে তার মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। সমালোচকদের সতর্ক করে তারা বলছেন, অহেতুক ট্রোলিং বন্ধ না হলে এবং অভিনেতা কোনো চরম সিদ্ধান্ত নিলে তার দায়ভার ট্রোলদেরই নিতে হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






