স্পোর্টস ডেস্ক
ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে একই দিনে ব্যাংককে অনুষ্ঠিতব্য মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ‘এ’ দলের ম্যাচটি নিয়ে শঙ্কা থাকলেও তা অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের প্রভাব মেয়েদের এই টুর্নামেন্টে পড়ছে না। বয়কটের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নারীদের ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে পরোক্ষভাবে সেই ইঙ্গিতই দিয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের প্রতিপক্ষ পাকিস্তান।
এদিকে পিসিবির বয়কটের সিদ্ধান্তের পর আইসিসির নিষেধাজ্ঞার গুঞ্জন উঠলেও, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত এ নিয়ে কোনো বোর্ড মিটিং বা আনুষ্ঠানিক পদক্ষেপের কথা জানায়নি।
বাংলাফ্লো/এফআইআর






