বিনোদন ডেস্ক
ঢাকা: টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী কি এবার রাজনীতির মাঠে নামছেন? স্বামী রাজ চক্রবর্তী ব্যারাকপুরের সংসদ সদস্য হলেও শুভশ্রী নিজেকে বরাবরই লাইমলাইট আর সংসারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। তবে সম্প্রতি রাজ্য সরকারের একটি ডকু-ফিচার ‘লক্ষ্মী এল ঘরে’-তে অভিনয়ের পর থেকেই গুঞ্জন ডালপালা মেলেছে—তাহলে কি বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতিতে অভিষেক হচ্ছে শুভশ্রীর? এই গুঞ্জনের কড়া জবাব দিয়েছেন পরিচালক ও স্বামী রাজ চক্রবর্তী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুভশ্রী রাজনীতিতে আসছেন না। তিনি বলেন, ‘রাজনীতি জীবনটাকে এলোমেলো করে দেয়। এখনকার রাজনীতি আর আগের রাজনীতির মধ্যে অনেক পার্থক্য। তাই আমি চাই না ও রাজনীতিতে আসুক, শুভশ্রী নিজেও চায় না।’
রাজ জানান, তাদের মূল পেশা বিনোদন। পরিবারে তিনি নিজে রাজনীতিতে সক্রিয় আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে স্বামী-স্ত্রী দুজনেই রাজনীতিতে আসলে সংসারে সমস্যা হতে পারে। তিনি বলেন, ‘শুভশ্রী যদি দাঁড়াতে চাইত, তাহলে অনেক আগেই পারত। দিদি (মমতা ব্যানার্জী) বলেছেন বলেই ও ‘লক্ষ্মী এল ঘরে’ কাজটি করেছে। কিন্তু ও রাজনীতিতে যোগ দেবে বলে আমার মনে হয় না।’
রাজের ভাষ্যমতে, আগামী এক বছরের জন্য শুভশ্রীর কাজের শিডিউল একদম প্যাকড। বিনোদন জগতে কী কী কাজ করবেন, তা আগেই ঠিক করা আছে। দিদিকে ভালোবাসলেও রাজনীতির ময়দানে নামার কোনো পরিকল্পনা নায়িকার নেই।
বাংলাফ্লো/এফআইআর






