বিনোদন ডেস্ক
ঢাকা: টলিউডের অন্যতম সাহসী ও স্পষ্টবাদী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আবারও খবরের শিরোনামে। সম্প্রতি নিজের নতুন প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে ইন্ডাস্ট্রির ‘অন্ধকার দিক’ অর্থাৎ সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখে কাস্টিং করার প্রবণতার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। একইসঙ্গে পরিচালককে দেওয়া নিজের কঠিন শর্তের কথাও ফাঁস করলেন।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করলেও বর্তমান প্রজেক্টটি স্বস্তিকার কাছে বিশেষ। তিনি আক্ষেপের সুরে বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রের জন্য কেউ আমাকে কখনও ভাবেননি।’ তবে তিনি স্পষ্ট করে দেন, তিনি যা বলেন, তা মন থেকেই বলেন।
বর্তমান সময়ে অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার, তা দেখে কাস্টিং করার যে অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে, তার ঘোর বিরোধী স্বস্তিকা। এই প্রজেক্টে রাজি হওয়ার আগে তিনি পরিচালক অভিরূপকে সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তবে আমি এই কাজটা করব না।’
স্বস্তিকা বিশ্বাস করেন, অভিনয়টা শতভাগ ঠিক থাকলে জনপ্রিয়তা বা অন্য সমীকরণের প্রয়োজন পড়ে না। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ‘আমার ধারণা, ওরা সেটা বুঝতে পেরেছে। আমার থেকে ওরা যদি মাটিতে পা দিয়ে চলা শিখতে পারে, সেটাই বড় পাওয়া।’
বাংলাফ্লো/এফআইআর






