জেলা প্রতিনিধি
সিলেট: ‘ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।’ গতকাল সিলেটে আয়োজিত এক সংলাপে এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি সতর্ক করে বলেন, একটি সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রের একমাত্র মাপকাঠি নয়, এর জন্য প্রয়োজন গভীর আইনি ও কাঠামোগত সংস্কার।
সুজন সিলেট জেলার উদ্যোগে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাগরিক সমাজের ভূমিকার ওপর জোর দিয়ে ড. বদিউল বলেন, নাগরিক সমাজকে সরকারের তল্পিবাহক বা ‘ল্যাপ ডগ’ হলে চলবে না, বরং তাদের ‘ওয়াচ ডগ’ বা প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের কাজ।
অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা প্রমাণিত। তাই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের গুরুত্ব অপরিসীম। তিনি নির্বাচন কমিশনকে শক্তিশালী, স্বাধীন এবং রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও রাষ্ট্র সংস্কারের কাজ বাকি। নির্বাচন ব্যবস্থার পরিশুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং সাম্যভিত্তিক সমাজ গড়াই ছিল এই অভ্যুত্থানের মূল লক্ষ্য।
বাংলাফ্লো/এফআইআর






