বিনোদন ডেস্ক
ঢাকা: প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ড্রয়িংরুমে আসছে আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং-অক্ষয় খান্না অভিনীত মেগা ব্লকবাস্টার স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত এই সিনেমাটি।
সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘স্যাকনিল্ক’ জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) থেকে জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে ‘ধুরন্ধর’।
বক্স অফিসের পাশাপাশি ডিজিটাল স্বত্ব বিক্রিতেও রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর’। জানা গেছে, এই সিনেমা এবং এর সম্ভাব্য সিক্যুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে নেটফ্লিক্সের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় ১৩০ কোটি রুপির চুক্তি সম্পন্ন হয়েছে। রণবীর সিংয়ের ক্যারিয়ারে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এত বড় অঙ্কের আয় এবারই প্রথম।
গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকে ৪৮ দিনে বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে ছুটেছে ছবিটি।
বিশ্বব্যাপী মোট আয়: ১ হাজার ৩৩৯ কোটি রুপি।
ভারতে নেট কালেকশন: ৮৮৪ কোটি রুপি।
ভারতে গ্রস কালেকশন: ৯৯৫ কোটি রুপি।
আয়ের এই বিশাল পরিসংখ্যান দিয়ে সানি দেওলের ‘গদর ২’ এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর মতো দানবীয় হিটগুলোকেও পেছনে ফেলে দিয়েছে ‘ধুরন্ধর’। বর্তমানে ভারতের বাজারে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তকমা এখন রণবীর সিংয়ের এই সিনেমার দখলে।
বাংলাফ্লো/এফআইআর






