বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা মানেই গ্ল্যামার আর ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল চর্চা। সম্প্রতি ৩৩ বছর বয়সী হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন বলিপাড়ার ‘টক অফ দ্য টাউন’। অবশেষে এসব গুঞ্জন এবং নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন এই ‘ছাইয়া ছাইয়া’ গার্ল। জানালেন, কোনো পুরুষের সঙ্গে দেখা গেলেই কীভাবে তাকে নিয়ে শুরু হয় কানাঘুষা, যা নিয়ে তার মা-ও বিভ্রান্ত হন।
ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন, আরবাজ খান ও অর্জুন কাপুরের পর মালাইকা এখন ৩৩ বছর বয়সী হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার প্রেমে মজেছেন। তবে এই গুঞ্জন নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।
মালাইকা বলেন, ‘আমাকে যে পুরুষ সঙ্গীর সঙ্গেই দেখা যাক না কেন, তাকে ঘিরে আলোচনা বা কটাক্ষ শুরু হয়ে যায়। হোক তিনি বিবাহিত বা আমার বন্ধু, তাকে নিয়ে কথা শুরু হয়ে যায়।’
তিনি আরও জানান, নিত্যনতুন নামের সঙ্গে তাকে জড়ানোয় পরিবারের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়। মালাইকার ভাষ্য, ‘আমার মা-ও প্রশ্ন করে, নতুন ব্যক্তিটি কে? আমরা এখন এগুলো নিয়ে হাসাহাসি করি, আবার বিরক্তও হই।’
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। ২০২৪ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করলেও মালাইকা জানান, সম্পর্ক ভেঙে গেলেও অর্জুন তার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ।
আইটেম গার্ল হিসেবে পরিচিত মালাইকা ‘ছইয়া ছইয়া’, ‘মুন্নি বদনাম’, ‘আনারকলি ডিসকো চালি’-র মতো গানে পারফর্ম করে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
বাংলাফ্লো/এফআইআর






